Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংঅপরাধ

বিশ্রামগঞ্জে স্বামী পরিত্যক্তা মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

বিশ্রামগঞ্জের রামকৃষ্ণ পল্লীতে এক স্বামী পরিত্যক্তা মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণের কানের অলঙ্কার নিয়ে পালিয়ে যায় চোরের দল। ঘটনার সময় বাড়িতে ছিলেন না গৃহকর্ত্রী শিল্পী সরকার।

Pratibadi Kalam Newsroom2 মিনিট পড়া
বিশ্রামগঞ্জে স্বামী পরিত্যক্তা মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

চড়িলাম:: বিশ্রামগঞ্জের রামকৃষ্ণ পল্লীতে এক স্বামী পরিত্যক্তা মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণের কানের অলঙ্কার নিয়ে পালিয়ে যায় চোরের দল। ঘটনার সময় বাড়িতে ছিলেন না গৃহকর্ত্রী শিল্পী সরকার।

পরিবার সূত্রে জানা যায়, শিল্পী সরকার দশম শ্রেণিতে পড়ুয়া ছেলে এবং সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে বসবাস করেন। সন্তানরা ছোট থাকতেই স্বামী তাঁকে ছেড়ে চলে যান। এরপর থেকে অন্যের বাড়িতে রান্নার কাজ করে দুই সন্তানকে বড় করে তুলছেন তিনি। রবিবার বাড়িতে তালা দিয়ে চড়িলামে ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন শিল্পী। সেই সুযোগেই চোরের দল তাঁর বাড়িতে হানা দেয়।

অভিযোগ, চোরেরা বঁটি, দা ও লোহার রডের সাহায্যে বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণের কানের অলঙ্কার নিয়ে পালিয়ে যায়। বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পেরে ভেঙে পড়েন শিল্পী সরকার। তাঁর অভিযোগ, এই ঘটনায় তিনি কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন।

খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। শিল্পী সরকারের সন্দেহ, এলাকার দুই যুবক এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি তিনি পুলিশকেও জানিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে তদন্ত চালানো হবে। সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি।

উল্লেখ্য, কয়েক দিন আগেও বিশ্রামগঞ্জ থানাধীন সিলোটিয়ামুড়া এলাকায় একটি বড় ধরনের চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় সন্দেহভাজন রাজীব দেব এখনও পুলিশি হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে। পরপর চুরির ঘটনায় বিশ্রামগঞ্জ থানা এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এলাকায় চুরির ঘটনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।