Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংপ্রথম পাতা

বেঙ্গালুরুতে কাজে গিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ দুই সন্তানের পিতা

কাজের সন্ধানে বেঙ্গালুরুতে গিয়ে গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিশ্রামগঞ্জের ননজলা এলাকার দুই সন্তানের পিতা ইব্রাহিম হোসেন ওরফে রোবেল।

Pratibadi Kalam Newsroom2 মিনিট পড়া
বেঙ্গালুরুতে কাজে গিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ দুই সন্তানের পিতা

চড়িলাম:: কাজের সন্ধানে বেঙ্গালুরুতে গিয়ে গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিশ্রামগঞ্জের ননজলা এলাকার দুই সন্তানের পিতা ইব্রাহিম হোসেন ওরফে রোবেল। তাঁর মোবাইল ফোন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ছেলের কোনও সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার রবিবার রাতে বিশ্রামগঞ্জ থানার দ্বারস্থ হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ইব্রাহিম প্রায় সাত মাস ধরে বেঙ্গালুরুতে কাজ করছিলেন। কিন্তু গত ১৫ দিন ধরে তাঁর মোবাইল ফোন সুইচ অফ রয়েছে। বাবা তপন মিয়া, মা রঞ্জনা বেগম এবং স্ত্রী রুসনা বেগম বারবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আত্মীয়স্বজন থেকে শুরু করে বেঙ্গালুরুতে তাঁর কর্মস্থলের পরিচিত ও বন্ধুদের কাছেও খোঁজখবর নিয়েছেন পরিবারের সদস্যরা। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।

ছেলের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কোনও তথ্য না পেয়ে বাবা তপন মিয়া উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অন্যদিকে, স্বামীর কোনও খোঁজ না পেয়ে দুই ছোট সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্ত্রী রুসনা বেগম। পাঁচ বছরের আরবান হোসেন এবং দুই বছরের আমান হোসেন বাবার জন্য কান্নাকাটি করছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

রবিবার রাতে ছেলেকে খুঁজে বের করার আবেদন জানিয়ে বিশ্রামগঞ্জ থানায় জিডি এন্ট্রি করেন ইব্রাহিমের মা রঞ্জনা বেগম। ছেলের সন্ধান পেতে পুলিশের কাছে কাতর আবেদন জানিয়েছেন তিনি। তাঁর আবেদন, পুলিশ যেন প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে তাঁর ছেলেকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

ইব্রাহিমের আকস্মিকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনায় ননজলা এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা এখনও তাঁর ফিরে আসার আশায় অপেক্ষা করছেন।