Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংপ্রথম পাতা

CLF-এর বাৎসরিক অনুষ্ঠানে বিরিয়ানি খেয়ে অসুস্থ শিশু-সহ বহু, তদন্তের নির্দেশ

দশদা আর.ডি. ব্লক পরিচালিত CLF-এর বাৎসরিক অনুষ্ঠানে খাবার খেয়ে শিশু-সহ একাধিক SHG কর্মীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কাঞ্চনপুর মহকুমাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কাঞ্চনপুর শহরের একটি রেস্তোরাঁ থেকে সরবরাহ করা প্যাকেটজাত দম বিরিয়ানি খাওয়ার পর এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়।

Pratibadi Kalam Newsroom2 মিনিট পড়া
CLF-এর বাৎসরিক অনুষ্ঠানে বিরিয়ানি খেয়ে অসুস্থ শিশু-সহ বহু, তদন্তের নির্দেশ

কাঞ্চনপুর :: দশদা আর.ডি. ব্লক পরিচালিত CLF-এর বাৎসরিক অনুষ্ঠানে খাবার খেয়ে শিশু-সহ একাধিক SHG কর্মীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কাঞ্চনপুর মহকুমাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কাঞ্চনপুর শহরের একটি রেস্তোরাঁ থেকে সরবরাহ করা প্যাকেটজাত দম বিরিয়ানি খাওয়ার পর এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়। মঙ্গলবার পর্যন্ত দুই শিশুসহ মোট পাঁচজন চিকিৎসাধীন ছিলেন। ঘটনায় খাবারের গুণমান ও সরবরাহ ব্যবস্থাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা যায়, সোমবার দশদা টাউন হলে দশদা ব্লক পরিচালিত দেড়গাং CLF-এর উদ্যোগে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন CLF-এর কনিকা চাকমা। অনুষ্ঠান শেষে কাঞ্চনপুর শহরের 'আবার খাবো' নামের একটি রেস্তোরাঁ থেকে আনা প্যাকেটজাত দম বিরিয়ানি অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়। ওই খাবার খাওয়ার পর ১০ জন SHG কর্মী এবং তাঁদের সঙ্গে আসা চার শিশু অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। সোমবার রাতেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চার শিশুসহ অসুস্থদের কয়েকজনকে দশদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও মঙ্গলবার পর্যন্ত দুই শিশুসহ মোট পাঁচজন চিকিৎসাধীন ছিলেন।

এদিকে, মঙ্গলবার দুপুরে CLF-এর আধিকারিকরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অসুস্থ শিশু ও SHG কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে খাবারের গুণমান পরীক্ষা, প্রস্তুতপ্রণালী এবং সরবরাহ ব্যবস্থায় যথাযথ সতর্কতা অবলম্বন করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি সরকারি ব্লক পরিচালিত অনুষ্ঠানে অংশ নিতে এসে শিশু-সহ এতজনের অসুস্থ হয়ে পড়ার প্রকৃত কারণ উদ্ঘাটন করা জরুরি হয়ে পড়েছে।

গোটা ঘটনা সম্পর্কে দশদা আর.ডি. ব্লকের বিডিও-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কাঞ্চনপুরের যে রেস্তোরাঁ থেকে খাবার সরবরাহ করা হয়েছিল, সেখানে অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, বুধবার দশদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসারের কাছে অসুস্থদের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তবে শুধু চিকিৎসার ব্যবস্থা করেই এই ঘটনার দায় এড়ানো সম্ভব নয়। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণ এবং খাবার সরবরাহের গোটা প্রক্রিয়া খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তে কোনও গাফিলতি বা অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। সরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের খাবারের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।