TRLM আধিকারিকের বিরুদ্ধে মহিলা গোষ্ঠীর বিক্ষোভ, বদলি ও তদন্তের দাবি
করবুক: TRLM-এর কমিউনিটি কো-অর্ডিনেটর (CC) সুমন দেবনাথের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন SHG ও CSP মহিলা গোষ্ঠীর সদস্যরা। সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে করবুক ব্লক কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান তাঁরা।

করবুক: TRLM-এর কমিউনিটি কো-অর্ডিনেটর (CC) সুমন দেবনাথের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন SHG ও CSP মহিলা গোষ্ঠীর সদস্যরা। সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে করবুক ব্লক কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান তাঁরা। অভিযুক্ত আধিকারিকের অবিলম্বে বদলি এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারীরা।
মহিলা গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট আধিকারিকের দুর্ব্যবহারের কারণে তাঁদের কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পর শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাঁরা প্রতিবাদে শামিল হয়েছেন। তাঁদের বক্তব্য, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতামূলক ও সম্মানজনক আচরণ করা উচিত। কিন্তু বাস্তবে সেই পরিবেশ বজায় থাকছে না বলে অভিযোগ তাঁদের।
বিক্ষোভ চলাকালীন মহিলা গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির পক্ষে সরব হন। তাঁদের স্পষ্ট দাবি, সুমন দেবনাথের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি, তাঁকে অবিলম্বে অন্যত্র বদলি করারও দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, মহিলা গোষ্ঠীর এই বিক্ষোভকে কেন্দ্র করে করবুক ব্লক কার্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন বিক্ষোভকারীদের অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন SHG ও CSP গোষ্ঠীর সদস্যরা।