আগরতলা রেলস্টেশনে ২৩.৭৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার তিন মহিলা
আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৩.৭৭০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করল সরকারি রেল পুলিশ (জিআরপি)। এই ঘটনায় তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কালোবাজারি মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা বলে জানা গেছে।

আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ২৩.৭৭০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করল সরকারি রেল পুলিশ (জিআরপি)। এই ঘটনায় তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কালোবাজারি মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল প্রায় ১১টা নাগাদ আগরতলা জিআরপি থানার এসআই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্বে পুলিশ কর্মীরা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালান। স্টেশনের পার্কিং এলাকা সংলগ্ন আরপিএফ পোস্ট ও পে অ্যান্ড ইউজ শৌচাগারের মাঝামাঝি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সেখান থেকেই সন্দেহভাজন মাদকসহ তিন মহিলাকে আটক করা হয়।
ধৃতরা হলেন বিহারের সরসা জেলার মাহুয়া বাজার থানাধীন ১৪ নম্বর ওয়ার্ডের চাকলা টোলার বাসিন্দা শ্রবণ মণ্ডলের স্ত্রী মমতা দেবী (২৫) এবং প্রয়াত সিয়াচরণ মণ্ডলের মেয়ে সম্পি কুমারী (১৯)। অপর ধৃত মহিলা মীরা রাই (৩৪), তিনি নাগাল্যান্ডের ডিমাপুর জেলার সাব-আরবান থানাধীন তিন নম্বর ব্লকের থাইকুর বাসিন্দা। তিনি রঞ্জন কুঁয়ারের মেয়ে।
পুলিশ জানিয়েছে, ধৃত তিন মহিলার নিজ নিজ পিঠু ব্যাগ তল্লাশি করে মোট ২৩.৭৭০ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। পরবর্তীতে উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার পাশাপাশি তিন মহিলাকেই গ্রেফতার করা হয়।
এই ঘটনায় আগরতলা জিআরপি থানায় ২০২৬GRP078 নম্বরে একটি মামলা রুজু করা হয়েছে। এনডিপিএস আইন, ১৯৮৫-এর ২০(বি)(২)(সি) এবং ২৯ ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।