পরীক্ষা শেষের ২৪ ঘণ্টা পরেও উত্তরপত্র লেখা! নন্দননগরে আটক তিন
NIOS পরীক্ষার উত্তরপত্র লেখাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরেও উত্তরপত্র লেখার কাজ চলছিল বলে অভিযোগ উঠেছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে নন্দননগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে মঙ্গলবারের পরীক্ষার উত্তরপত্রসহ তিনজনকে আটক করেছে এনসিসি থানার পুলিশ।

NIOS পরীক্ষার উত্তরপত্র লেখাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়াল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরেও উত্তরপত্র লেখার কাজ চলছিল বলে অভিযোগ উঠেছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকালে নন্দননগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে মঙ্গলবারের পরীক্ষার উত্তরপত্রসহ তিনজনকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। এই ঘটনায় NIOS পরীক্ষা কেলেঙ্কারির তদন্তে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
NIOS পরীক্ষা সংক্রান্ত অনিয়মের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে উঠে আসে বিক্রম দেববর্মার নাম। বুধবারের অভিযানে আটক তিনজনের মধ্যে রয়েছেন বিক্রম দেববর্মার এক নিকটাত্মীয় এবং NIOS-এর কথিত সহকারী এজেন্ট প্রসনজিৎ দেববর্মা। তবে পুলিশি অভিযানের আগেই গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত বিক্রম দেববর্মা। বর্তমানে তিনি পলাতক বলে জানা গেছে।
উল্লেখ্য, বিক্রম দেববর্মা একটি সরকারি লাইব্রেরিতে কর্মরত বলে জানা গেছে। NIOS পরীক্ষা সংক্রান্ত এই ঘটনায় তাঁর সম্ভাব্য ভূমিকা এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
তবে গোটা ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, পরীক্ষা শেষ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পরেও কীভাবে উত্তরপত্র লেখার কাজ চলছিল? আটক উত্তরপত্রগুলি কারা লিখছিলেন এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। NIOS পরীক্ষা কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য।