Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংরাজনীতি

বাধার অভিযোগে মনোনয়ন জমা দিলেন না বাম প্রার্থীরা, জেলা শাসকের দ্বারস্থ

পুর ও নগর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছেন মোহনপুর, জিরানিয়া ও রানীরবাজারের বামফ্রন্ট প্রার্থীরা। পরিস্থিতির কারণে মনোনয়নপত্র জমা না দিয়েই সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দ্বারস্থ হন তাঁরা।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
বাধার অভিযোগে মনোনয়ন জমা দিলেন না বাম প্রার্থীরা, জেলা শাসকের দ্বারস্থ

আগরতলা: পুর ও নগর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছেন মোহনপুর, জিরানিয়া ও রানীরবাজারের বামফ্রন্ট প্রার্থীরা। পরিস্থিতির কারণে মনোনয়নপত্র জমা না দিয়েই সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দ্বারস্থ হন তাঁরা।

বামফ্রন্টের অভিযোগ, মোহনপুরে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে ফটিকছড়ায় দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। এই ঘটনায় ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়।

অন্যদিকে, জিরানিয়া ও রানীরবাজারের বাম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগেই খবর পান, রাস্তায় দুষ্কৃতীরা তাঁদের পথ আটকানোর জন্য অবস্থান করছে। এই পরিস্থিতিতে মনোনয়ন জমা দিতে না গিয়ে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

বাম নেতা মানিক দে ও শঙ্কর প্রসাদ দত্ত-সহ অন্যান্য নেতারা এদিন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাঃ বিশাল কুমারের সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ জানান। তাঁদের দাবি, ২০২১ সালের পুর নির্বাচনের মতোই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার মতো গণতান্ত্রিক প্রক্রিয়াতেও বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।