Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংপ্রথম পাতা

বেলেনো গাড়ির ধাক্কায় ২৩ বছরের যুবকের মৃত্যু, শোকে ভেঙে পড়ল পরিবার

বাইক দুর্ঘটনায় ২৩ বছরের যুবক অমরজিৎ দেববর্মার মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ি এলাকায়। ছেলের অকালমৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা কবিতা দেববর্মা ও বাবা উত্তম দেববর্মা

Pratibadi Kalam Newsroom2 মিনিট পড়া
বেলেনো গাড়ির ধাক্কায় ২৩ বছরের যুবকের মৃত্যু, শোকে ভেঙে পড়ল পরিবার

বাইক দুর্ঘটনায় ২৩ বছরের যুবক অমরজিৎ দেববর্মার মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ি এলাকায়। ছেলের অকালমৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা কবিতা দেববর্মা ও বাবা উত্তম দেববর্মা। দুই ভাই কুমারশ্রী দেববর্মা ও অজয় দেববর্মাও শোকে দিশেহারা।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জের নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে। জানা যায়, ওই সময় টিআর-০৭-এফ-০৬৪৬ নম্বরের একটি বেলেনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন অমরজিৎ। তাঁকে দ্রুত বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়।

অমরজিৎ পেশায় রাবার ব্যবসায়ী ছিলেন। মাত্র তিন মাস আগে তিনি একটি নতুন বাইক কিনেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় রাবার বিক্রির টাকা আনতে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বুধবার সকালে তাঁর মৃত্যুর খবর পুষ্করবাড়ির বাড়িতে পৌঁছতেই শোকের মাতম শুরু হয়। খবর পেয়ে গ্রামের মানুষ একে একে তাঁদের বাড়িতে ছুটে আসেন। বুধবার দুপুরে আগরতলার জিবিপি হাসপাতাল থেকে অমরজিতের মৃতদেহ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

এদিকে, বিশ্রামগঞ্জ থানা এলাকার জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, পুলিশ ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চেষ্টা চালানো হলেও দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এলাকাবাসীর দাবি, গত কয়েক মাসে এই এলাকায় একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। ধারাবাহিক এই দুর্ঘটনা রোধে জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, নজরদারি বৃদ্ধি এবং কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি উঠছে।