Pratibadi KalamPratibadi Kalam
রাজনীতি

রাষ্ট্রসংঘের অধিবেশনে বিপ্লব সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে দৃঢ় অবস্থান তুলে ধরে আসছে৷ কোনও একটি দেশের একক প্রচেষ্টায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়৷ এর জন্য প্রয়োজন বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত ও সিদ্ধান্তমূলক উদ্যোগ৷ সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করা, সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়দাতাদের জবাবদিহির আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি৷

Pratibadi Kalam Newsroom2 মিনিট পড়া
রাষ্ট্রসংঘের অধিবেশনে বিপ্লব সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার

প্রতিবাদী কলম প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর, সমন্বিত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাল ভারত৷ রাষ্ট্রসঙ্ঘের ৮১তম সাধারণ অধিবেশনের ষষ্ঠ কমিটির আলোচনায় অংশ নিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব৷ ভারতের জাতীয় বক্তব্য তুলে ধরেন তিনি৷ তিনি বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল৷ সন্ত্রাসবাদী সংগঠনগুলোর পাশাপাশি তাদের অর্থের জোগানদাতা এবং যারা সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় প্রদান করে, তাদের বিরুদ্ধেও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন৷

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে দৃঢ় অবস্থান তুলে ধরে আসছে৷ কোনও একটি দেশের একক প্রচেষ্টায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়৷ এর জন্য প্রয়োজন বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত ও সিদ্ধান্তমূলক উদ্যোগ৷ সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করা, সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়দাতাদের জবাবদিহির আওতায় আনার ওপরও গুরুত্ব দেন তিনি৷ বিপ্লব কুমার দেব আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভারতের অবস্থান স্পষ্ট৷

আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াই এবং বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে৷ ভুক্তভোগী ও অপরাধীর পার্থক্য করতে পারছে না অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন৷ জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের পদক্ষেপ নিয়ে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের তীব্র প্রতিবাদও জানিয়েছে ভারত৷ রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ষষ্ঠ কমিটিতে বক্তব্য রাখতে গিয়ে কার্যত অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনকে নিশানা করেন ত্রিপুরার সাংসদ৷ পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে৷ সীমান্ত পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নাগরিকদের সুরক্ষায় ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও তিনি স্পষ্ট মন্তব্য করেন৷ তার পাশাপাশি তিনি বলেন, সন্ত্রাসবাদের সাথে থাকার পরিণতি ভোগ করতেই হবে৷

ভারত দীর্ঘদিন ধরে সীমান্ত পারের সন্ত্রাসবাদের শিকার৷ সব ধরনের সন্ত্রাসবাদ বিশেষ করে সীমান্ত পারের সন্ত্রাসবাদ মানবতার সামনে অন্যতম গুরুতর হুমকি৷ তিনি বলেন, এর প্রভাব আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি, গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকারের উপর পড়ে সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃতভাবে নিশানা করার কোনও যুক্তি হতে পারে না বলে তিনি মন্তব্য করেন৷ প্রযুক্তির অপব্যবহার নিয়েও বক্তব্য রাখেন৷ ভারতের পক্ষ থেকে তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থানকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে৷